কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশ ও ব্যবহার বাড়াতে অংশীদারত্ব জোরদার করছে এনভিডিয়া ও মেটা। এ লক্ষ্যে মেটায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া। একই সঙ্গে মেটার এআই মডেল ও এআই এজেন্টের কার্যক্ষমতা বাড়ানো এবং পরিচালন ব্যয় কমাতে একসঙ্গে কাজ করবে দুই টেক জায়ান্ট। খবর রয়টার্স।
যৌথ ঘোষণায় গতকাল এ তথ্য জানায় কোম্পানি দুটি। মেটার ‘মিউজ’ এআই মডেল ও এআই এজেন্টগুলো এনভিডিয়ার প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করে পরিচালিত হয়। নতুন সহযোগিতার আওতায় এসব মডেলের কার্যক্ষমতা বাড়াতে এনভিডিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে মেটা।
প্রতিবেদনে বলা হয়, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে মিউজ। এর মাধ্যমে প্রতিদিন মেটার বিভিন্ন সেবা ব্যবহার করা কোটি কোটি মানুষের কাছে ‘পারসোনাল সুপারইন্টেলিজেন্স’ বা ব্যক্তিগত পর্যায়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা পৌঁছে দিতে চান তিনি।
মিউজের অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে বিভিন্ন ডিজিটাল সেবায় প্রবেশ করতে পারে। ওপেন সোর্স এআই এজেন্ট ওপেনক্লয়ের আদলে তৈরি প্রযুক্তিটি ই-মেইল, ক্যালেন্ডার, অর্থ লেনদেন, স্বাস্থ্য, কেনাকাটা ও স্মার্ট হোমের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় এসব অ্যাপে প্রবেশের অনুমতি বাতিল করতে পারবেন।
এদিকে এআই অবকাঠামোয় বিনিয়োগ বাড়াতে শেয়ার বিক্রির পরিমাণও বাড়িয়েছে মেটা। মঙ্গলবার কোম্পানিটি শেয়ার বিক্রির প্রস্তাব বাড়িয়ে ৯ হাজার ৭৫০ কোটি ডলারে উন্নীত করে। এটি মেটার ইতিহাসে সবচেয়ে বড় অর্থ সংগ্রহের উদ্যোগ। এআই প্রযুক্তির বিকাশ ও ব্যবহার সম্প্রসারণে অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করছে কোম্পানিটি।