যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোয় এআই-সংশ্লিষ্ট চাকরির বিজ্ঞপ্তি চলতি বছরে ৪৯ শতাংশ বেড়েছে। এখন পর্যন্ত এসব বিজ্ঞপ্তির সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৮১৯টিতে দাঁড়িয়েছে। তথ্য বিশ্লেষণকারী সংস্থা ড্রাউপের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। বিশ্লেষণে জেপি মরগান চেজ, সিটিগ্রুপ ও ক্যাপিটাল ওয়ানের মতো বড় ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
ড্রাউপের তথ্যানুযায়ী, এআই এজেন্ট পরিচালনা ও সমন্বয়ের দক্ষতার চাহিদা সবচেয়ে দ্রুত বাড়ছে। চলতি বছর এ দক্ষতার উল্লেখ করে চাকরির বিজ্ঞপ্তি বেড়েছে ১ হাজার ৭২১ শতাংশ। ড্রাউপের সিইও বিজয় স্বামীনাথন বলেন, ‘ব্যাংকগুলোর এখন তথ্য ও এআই সম্পর্কে ভালো ধারণা থাকা কর্মীদের বেশি প্রয়োজন। পাশাপাশি কোন কাজে কীভাবে এআই ব্যবহার করতে হবে, তা বোঝার দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’ খবর সিএনবিসি