পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গত সপ্তাহে ৫০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ফান্ডটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৪০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ২৩ টাকা ৬০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ছিল ৩১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৫ পয়সায়।
২০২৩ হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইপিইউ হয়েছে ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ পয়সা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ হয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা। আলোচ্য হিসাব বছরে ফান্ডটি ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
২০২২ হিসাব বছরে মিউচুয়াল ফান্ডটির ইপিইউ হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ হয়েছে ১৪ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ১৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ট্রাস্টি বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে ৮ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭ শতাংশ নগদ এবং ২০১৮ সালে সাড়ে ৮ শতংশ নগদ লভ্যাংশ পান ফান্ডটির বিনিয়োগকারীরা।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ফান্ডটির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকা। মোট ইউনিটের সংখ্যা ২ কোটি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক শূন্য ৫ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৭৫ দশমিক ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।