বিধি-বহির্ভূতভাবে বিনিয়োগ করা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৮০ কোটি ১১ লাখ টাকা ফেরত আনতে ব্যর্থ হলে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচ পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার কমিশনের ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
আইপিওর সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে সুদসহ ৮০ কোটি ১১ লাখ টাকা অঙ্গপ্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণে ব্যয় করে রিজেন্ট টেক্সটাইল। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় কোম্পানিটিকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা আইপিও তহবিলে ফেরত দেয়ার নির্দেশ দেয় বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে কোম্পানিটির এমডি সালমান হাবিবসহ পরিচালক মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব ও মাশরুফ হাবিবকে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত কমিশন সভায় গৃহীত হয়।
অন্যদিকে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে নিয়ম-বহির্ভূতভাবে এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগ করে। এতে ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়। এর পরিপ্রেক্ষিতে ৩০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটিকে ৯ কোটি টাকা ফান্ডে ফেরত দেয়ার নির্দেশনা দেয় বিএসইসি। নির্ধারিত সময়ে টাকা ফেরত আনতে ব্যর্থ হলে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত কমিশন সভায় গৃহীত হয়। এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে তদারকি ও দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) ১ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় কমিশন।
এছাড়া বিধি-বহির্ভূতভাবে নিষিদ্ধ সময়ে সাউথইস্ট ব্যাংকের শেয়ার লেনদেনের অভিযোগে ব্যাংকটির উদ্যোক্তা ফারজানা আজিমকে ও তার ভাই মামুন আজিমকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়।