ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর বিবিএ ইন এআইএস প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) থেকে ‘একাডেমিক অ্যালায়েন্স’ হিসেবে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক এ স্বীকৃতি প্রাপ্ত হয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি অফিসিয়ালি চিঠি হস্তান্তরের মাধ্যমে ইউআইইউকে এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি জানায় আইআই। এর মাধ্যমে একাডেমিক অ্যালায়েন্স প্রোগ্রামের অধীনে একটি একাডেমিক অ্যাফিলিয়েট লেভেলের বিশ্ববিদ্যালয় হিসাবে ইউআইইউ তালিকাভুক্ত হলো।
ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ নিরীক্ষা সেক্টরে ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সকল ডিগ্রি রয়েছে সেগুলোর আন্তর্জাতিক মান-নির্ধারণ করে সার্টিফিকেশন বা স্বীকৃতি প্রদান করে।
শিক্ষার্থীদের পরিচিতিমূলক এক্সপোজার ও বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানগুলির পেশাদার অভ্যন্তরীণ নিরীক্ষা পেশার ভবিষ্যতকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং নৈতিক ভিত্তি দিয়ে সজ্জিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আইআইএ হল এএসিএসবি (অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুল অব বিজনেস) এর একটি পার্টনার।
এ স্বীকৃতি বিশ্বব্যাপী অভ্যন্তরীণ নিরীক্ষার ক্ষেত্রে ইউআইইউ’র বিবিএ ইন এআইএস প্রোগ্রামের একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ইউআইইউ’র পাঠ্যক্রম অভ্যন্তরীণ নিরীক্ষা শিক্ষার জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে গণ্য হবে।
-বিজ্ঞপ্তি