পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ঋণমান অবনমন হয়েছে। কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ফোর’। এর আগে কোম্পানিটির ঋণমান ছিল দীর্ঘমেয়াদে ট্রিপল বি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ১৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৮ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবলমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৫২ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আলিফ ম্যানুফ্যাচারিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ১৮ পয়সায়।
১৯৯৭ সালে শেয়ারবাজারে আসা আলিফ ম্যানুফ্যাচারিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৫৯ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৩৩ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২৫ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৪৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৬ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।