বছরের প্রথমার্ধ

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কয়লা উত্তোলন ইন্দোনেশিয়ার

ইন্দোনেশিয়া চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত মোট ৩৫ কোটি ৭৬ লাখ টন কয়লা উত্তোলন করেছে।

ইন্দোনেশিয়া চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত মোট ৩৫ কোটি ৭৬ লাখ টন কয়লা উত্তোলন করেছে। এ সময় দেশটি থেকে রফতানির পরিমাণ ছিল ২৩ কোটি ৮০ লাখ টন। দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

ইন্দোনেশিয়া সরকার ২০২৫ সালের জন্য ৭৩ কোটি ৯৭ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছে। তবে দেশটি প্রায়ই উত্তোলনে সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। গত বছর দেশটি ৮৩ কোটি ৬০ লাখ টন কয়লা উত্তোলন করেছিল। এটি ছিল সরকারি লক্ষ্যমাত্রা ৭১ কোটি টনের তুলনায় বেশি।

ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া জানিয়েছেন, উত্তোলন নিয়ন্ত্রণ ও বৈশ্বিক বাজারে চাহিদা কমার প্রেক্ষাপটে দাম সহনীয় রাখতে খনি খাতের কোটার মেয়াদ তিন বছর থেকে কমিয়ে আবার এক বছরে আনা হবে।

এদিকে গতকাল আগস্টের দ্বিতীয়ার্ধের জন্য ইন্দোনেশিয়া ৫ হাজার ৩০০ কিলোক্যালরি গ্রেডের কয়লার মানদণ্ডমূল্য নির্ধারণ করেছে টনপ্রতি ৬৭ ডলার ২০ সেন্ট। এ সময় দেশটি ৪ হাজার ১০০ কিলোক্যালরি গ্রেডের দাম নির্ধারণ করেছে টনপ্রতি ৪৩ ডলার ৭০ সেন্ট।

ইন্দোনেশিয়া প্রতি মাসে দুবার কয়লার মানদণ্ডমূল্য ঠিক করে। এ মূল্য স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেনের সর্বনিম্ন দর নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহার হয়।

আরও