সিডিবিএল ও সঞ্চয়পত্রকে তালিকাভুক্তির উদ্যোগ

দেশের পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্যকরণের কথা দীর্ঘদিন ধরে বলা হলেও সেটির বাস্তবায়ন দেখা যায়নি।

দেশের পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্যকরণের কথা দীর্ঘদিন ধরে বলা হলেও সেটির বাস্তবায়ন দেখা যায়নি। এ অবস্থায় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং সরকারের সঞ্চয়পত্রকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

সভা সূত্রে জানা গেছে, সিডিবিএলকে তালিকাভুক্তির জন্য কী করণীয় সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সিডিবিএলের চেয়ারম্যান তপন চৌধুরীকে উদ্যোগ নেয়ার জন্য বলা হয়েছে। এক যুগ আগে একবার সিডিবিএলকে তালিকাভুক্তির জন্য উদ্যোগ নেয়া হলেও সেই সময় নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে অনুমোদন মেলেনি।

সরকারের সঞ্চয়পত্রগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে লেনদেনের সুযোগ করে দেয়ার জন্য উদ্যোগ নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদের হার বাজারভিত্তিক করার প্রয়োজন হবে। সিডিবিএল ও সঞ্চয়পত্রকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়া না হলেও এক্ষেত্রে যত দ্রুত সম্ভব উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

এছাড়া সভায় ট্রেজারি বিল-বন্ডগুলো পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সভায় পুঁজিবাজারে ই-কেওয়াসি বাস্তবায়নের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন বিধিমালা প্রণয়নের পর পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির জন্য জোর দেয়া হয়েছে।

সভায় অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, সিসিবিএলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো ওয়াহিদ-উজ-জামানসহ অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও আইসিবির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও