প্রথমবারের মতো গ্রাস ম্যাট রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। এ উপলক্ষে সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাপোর্ট ব্র্যান্ডের গ্রাস ম্যাটের প্রথম চালান ফিলিপাইনের উদ্দেশে পাঠানো হয়।
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রাস ম্যাট মূলত বিল্ডিংয়ের ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের সৌন্দর্য বৃদ্ধি, খেলার মাঠ তৈরি এবং বিভিন্ন ল্যান্ডস্কেপিং কাজে ব্যবহৃত হয়। আগে এ পণ্যটি বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো। বর্তমানে আমাদের উৎপাদিত গ্রাস ম্যাট দেশের চাহিদা মেটাতে সক্ষম। ক্রমান্বয়ে এ পণ্যের আমদানিনির্ভরতা কমছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করছে।’
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে প্রথমবারের মতো সাপোর্ট ব্র্যান্ডের গ্রাস ম্যাট রফতানি করতে পেরেছি। আমাদের পণ্যের গুণগতমান এবং উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত। আমরা এখন শুধু দেশীয় চাহিদা মেটাতেই সক্ষম নই, বরং বিদেশে রফতানি করার সক্ষমতাও রয়েছে।’
তিনি আরো জানান, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোয় গ্রাস ম্যাটের ব্যাপক চাহিদা রয়েছে। শিগগিরই এসব দেশে রফতানির প্রক্রিয়া শুরু হবে। এজন্য আরএফএল প্লাস্টিকস লিমিটেডের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। —বিজ্ঞপ্তি