বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উদ্যোগে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকার তুরাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে গতকাল আয়োজিত এ সম্মেলনে দেশী-বিদেশী শিক্ষাবিদ, গবেষক, শিল্পোদ্যোক্তা ও শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। তারা বস্ত্র ও পোশাক শিল্প নিয়ে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে গুরুত্বারোপ করেন। বিইউএফটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. আইয়ুব নবী খান। স্বাগত বক্তব্য দেন বিইউএফটির ফ্যাকাল্টি অব অ্যাপারেল স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত এম সায়েম।
সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন মিলেনিয়াম অর্গানিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এঅ্যান্ডই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আরেফিন এবং শিন শিন গ্রুপের উপদেষ্টা (পিপল অ্যান্ড কালচার) টিম জাহিদ হোসেন। এছাড়া আরো বক্তব্য দেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ও রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাফসা জামশেদ ও চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির নিহং পাং। তাদের আলোচনায় আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক শিল্পের গবেষণা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনের বিভিন্ন দিক উঠে আসে।
সম্মেলনের বিভিন্ন কারিগরি অধিবেশনের পাশাপাশি বস্ত্রবর্জ্য পুনর্ব্যবহার, টেকসই উপকরণ, পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং বস্ত্র রফতানিতে পরিবেশগত বিধিবিধান পরিপালনের মতো বিষয়ে গবেষণা উপস্থাপন ও আলোচনা করা হয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘বিইউএফটি-ক্রিস্যাট-সেন্ত্রো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক কম্পিটিশন ২০২৬’ এবং ‘ক্রিস্যাট ৫ মিনিট রিসার্চ কম্পিটিশন ২০২৬’। প্রতিযোগিতা দুটিতে চূড়ান্তভাবে নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণা ও সৃজনশীল উপস্থাপনা তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্মেলনের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউএফটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল।