এসিআইয়ের মূলধন বাড়বে ১৫০ কোটি টাকা

ব্যবসা পৃথক্‌করণ ও একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকা বাড়বে।

ব্যবসা পৃথক্‌করণ ও একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকা বাড়বে। এতে কোম্পানিটির মূলধন বেড়ে দাঁড়াবে ৩০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, এসিআই লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের ১ লাখ ৯৫ হাজার ৩৭৪টি শেয়ার প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকস লিমিটেডের শেয়ারহোল্ডারদের অনুকূলে ইস্যু করা হবে। এর মধ্যে এম আনিস উদ দৌলার অনুকূলে ১ লাখ ৯৪ হাজার ৯৮৯টি, ড. আরিফ উদ দৌলার অনুকূলে ১৯৫ ও সুস্মিতা আনিসের অনুকূলে ১৯০টি শেয়ার ইস্যু করা হবে। আদালতের রায় অনুসারে পৃথক্‌করণ ও একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ শেয়ার বণ্টন করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকসের ১৫০ কোটি টাকা পরিশোধিত মূলধন এসিআই লিমিটেডের বর্তমান পরিশোধিত মূলধনের সঙ্গে যোগ হবে।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এসিআই লিমিটেডের কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত লোকসান হয়েছে ৫০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত লোকসান বেড়েছে ৩৬ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৭ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা। ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৭ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডে অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৪ কোটি ৬২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৬৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৬ দশমিক ২৩ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৪১ দশমিক ২৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ২২ দশমিক ৫১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২৩ টাকা ৫০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১১ টাকা ৫০ ও ২৬০ টাকা ২০ পয়সা।

আরও