এ উপলক্ষে টেকসই ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে কনগ্লোমারেটটি। কনকর্ড কমিউনিকেশনের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম মাহফুজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সস্প্রতি এ তথ্য জানানো হয়েছে।
সদ্যস্বাধীন ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সেতু এবং যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে কনকর্ড গ্রুপ। বিগত পাঁচ দশক ধরে দেশের অর্থনীতি ও আধুনিকায়নে অনবদ্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। আশির দশকে রাজধানীর মতিঝিলে ২০ তলাবিশিষ্ট বাংলাদেশ শিল্প ব্যাংক ভবনসহ দেশের প্রথম বহুতল ভবনগুলো নির্মাণের মাধ্যমে দেশে আধুনিক স্থাপত্যের সূচনা করে কনকর্ড। এছাড়া ১৯৮২ সালে সাভারে মাত্র ৮৯ দিনে মহান স্বাধীনতা যুদ্ধের প্রতীক জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকাজ সম্পন্ন করা প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।
টেকসই ও পরিবেশবান্ধব আবাসন খাতের দূরদর্শী চিন্তা থেকে ১৯৯৮ সালে কনকর্ড দেশে প্রথম পরিবেশবান্ধব ইট তৈরি ও ব্যবহার শুরু করে, যা বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী দৃষ্টান্ত। এ পর্যন্ত ১০ হাজারের বেশি পরিবারের নিরাপদ আবাসন নিশ্চিতের পাশাপাশি ২০০২ সালে ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠার মাধ্যমে বিনোদন খাতেও নতুন দিগন্তের উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২৫ সালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা এ কনগ্লোমারেটটির মূল চালিকাশক্তি কর্মীদের অক্লান্ত পরিশ্রম, সততা ও গুণগত মান।
আগামীতেও প্রচারণার চেয়ে কাজের গুণগতমান, কর্মীদের কল্যাণ এবং টেকসই ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর কনকর্ড।