জুলাই-ডিসেম্বর

ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে

দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে।

দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বন্দর দিয়ে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে তিন হাজার টনের বেশি। তবে আমদানি কমলেও স্থানীয় বাজারে আদার দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে বন্দরটি দিয়ে ৩৭ হাজার ৯২২ টন আদা আমদানি হয়েছে, যার মূল্য ৪৫৮ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪১ হাজার ১৬৩ টন, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে গত ছয় মাসে আদা আমদানি কমেছে ৩ হাজার ২৪১ টন।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু হাসান জানান, স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় সম্প্রতি তারা আদা আমদানির পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছেন।

আমদানি কমলেও বাজারে এর প্রভাব পড়েনি। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, এক মাস ধরে আদার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি আদা খুচরা ১২০ ও পাইকারি ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও