চীনে স্বর্ণের চাহিদা ১১ বছরে কমেছে ৪৯ শতাংশ

বিশ্বে স্বর্ণের অন্যতম শীর্ষ ভোক্তাদেশ চীন। যদিও দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা এখন ক্রমেই হ্রাস পাচ্ছে।

বিশ্বে স্বর্ণের অন্যতম শীর্ষ ভোক্তাদেশ চীন। যদিও দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা এখন ক্রমেই হ্রাস পাচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে গত ১১ বছরে (২০১৩-২০২৪ সাল) স্বর্ণের চাহিদা কমেছে প্রায় ৪৯ শতাংশ। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ডব্লিউজিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে চীনে স্বর্ণের চাহিদা ছিল ৯৩৮ দশমিক ৮০ টন। ২০২৪ সালে তা প্রায় ৪৯ শতাংশ কমে ৪৭৯ দশমিক ১৪ টনে নেমেছে।

‘২০২৫ চাইনিজ গোল্ড জুয়েলারি কনজিউমার ইনসাইটস: অপরচুনিটিজ ইন দ্য স্লোডাউন’ শীর্ষক প্রতিবেদনে ডব্লিউজিসির চায়না রিসার্চ হেড রে জিয়া জানান, ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনে স্বর্ণের চাহিদা বেড়েছিল ৩৬২ শতাংশ। সে সময় বাজার উন্মুক্তকরণ, ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং নগরায়ণের ফলে স্বর্ণ কেনার প্রবণতা তুঙ্গে ছিল। ২০১৩ সালের পর থেকে চাহিদা ধীরে ধীরে কমতে থাকে।

তিনি আরো জানান, ২০১৪-২৪ সময় পর্যন্ত চীনে স্বর্ণের চাহিদা হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস, তরুণ প্রজন্মের স্বর্ণের প্রতি আগ্রহ কমে যাওয়া এবং ২০২২ সালের পর থেকে স্বর্ণের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি।

ডব্লিউজিসির মডেলিং বিশ্লেষণ বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুদের হার—এ দুটি বিষয়ে চীনে স্বর্ণ অলংকারের চাহিদা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বর্ণ চাহিদা চক্রাকারে ওঠানামা করে, যা তিন-চার বছরের মজুদের ওপর নির্ভর করে।

রে জিয়া বলেন, ‘গত দুই দশকে চীনের স্বর্ণ অলংকারের চাহিদা গঠনে গঠনমূলক পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ছিল। ২০০১ সালে চীনের স্বর্ণবাজার উদারীকরণ সেই পরিবর্তনের বড় উদাহরণ, যা অলংকার চাহিদা বাড়িয়ে দেয়।’

তবে বর্তমানে জন্মহার ও বিয়ের হার কমে যাওয়ায় নবজাতক উপহার ও বিবাহভিত্তিক স্বর্ণ ক্রয় কমে গেছে। এ পরিবর্তন দীর্ঘমেয়াদে চাহিদাকে চাপে ফেলছে।

তিনি আরো বলেন, ‘চক্রাকার বিবেচনায় চীনে স্বর্ণ অলংকার শিল্প সামনে আরো দীর্ঘ সময় কম চাহিদার মুখোমুখি হতে পারে। একই সঙ্গে জন্ম ও বিয়ের সংখ্যা হ্রাসের মতো গঠনগত পরিবর্তন দীর্ঘমেয়াদি ধীরগতির ইঙ্গিত দিচ্ছে।’

এদিকে চাহিদার পরিমাণ কমলেও মূল্য অনুযায়ী স্বর্ণ অলংকারে খরচ বাড়ছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনা ব্যবহারকারীরা স্বর্ণ অলংকারে ব্যয় করেছেন ৮ হাজার ৪০০ কোটি ইউয়ান, যা আগের প্রান্তিকের (২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক) তুলনায় ২৯ শতাংশ বেশি, যদিও এটি ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় কিছুটা কম।

আরও