পদ্মা ইসলামী লাইফ

জীবন বীমা তহবিলে ৩০৮ কোটি টাকার ঘাটতি

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিলে গত ৩০ জুন শেষে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা।

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিলে গত ৩০ জুন শেষে মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিলে ঘাটতি ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় থেকে বীমা দাবি পরিশোধসহ অন্যান্য ব্যয় বাদ দিয়ে ঘাটতি হয়েছে ৬ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা। আর চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় থেকে বীমা দাবি পরিশোধসহ অন্যান্য ব্যয় বাদ দিয়ে ঘাটতি হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১১ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা লাইফ।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার। এর ৩১ দশমিক ৫৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ২১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৩ টাকা ২০ থেকে ২৭ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও