ফিউচার মার্কেটে বুধবার টানা চতুর্থ দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। খাতসংশ্লিষ্টরা বলছেন, ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পাম অয়েল ও অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মালয়েশীয় পাম অয়েলে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যদিও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দরপতন এ বৃদ্ধিকে কিছুটা সীমিত করেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্টের সরবরাহের চুক্তিতে পাম অয়েলের দাম বুধবার বেড়েছে ১২ রিঙ্গিত বা দশমিক ৩১ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৮৮০ রিঙ্গিতে (৯১৩ ডলার ৮০ সেন্ট)।
এদিকে চীনের বাজারে সয়াবিন তেলের দাম দশমিক ২৩ শতাংশ ও পাম অয়েলের দাম ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়েছে। এ সময় সিবিওটিতে সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ১৪ শতাংশ।
ইউরোপিয়ান কমিশনের প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে (জুলাই থেকে শুরু) ২৫ মে পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে সয়াবিন আমদানি হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। একই সময় পাম অয়েল আমদানির পরিমাণ ছিল ২৫ লাখ ৭০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কম।