কারণ ছাড়াই দুই কোম্পানির শেয়ারদর বাড়ছে

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড ও আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের শেয়ারদর ও লেনদেনে উর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে।

তবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে নাহী অ্যালুমিনিয়াম ও আনলিমা ইয়ার্ন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৬ মে ডিএসইতে নাহী অ্যালুমিনিয়ামের শেয়ারদর ছিল ২২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৩৯ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৭৭ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিটের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ১ পয়সায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩ মে ডিএসইতে আনলিমা ইয়ার্নের শেয়ারদর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ২৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৩ পয়সায়।

সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে আনলিমা ইয়ার্নের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৬৩ পয়সায়।

আরও