ভারতে মে মাসে পাম অয়েল আমদানি এপ্রিলের তুলনায় ৮৪ শতাংশ বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯২ হাজার ৮৮৮ টনে। গতকাল সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
সংগঠনটি আরো জানিয়েছে, এ সময় সয়াবিন তেল আমদানি ১০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৫৮৫ টনে। মে মাসে সূর্যমুখী তেল আমদানি ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৫৫৫ টনে পৌঁছেছে।
এদিকে টানা দুদিনের পতনের পর ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দরবৃদ্ধি এ মূল্য পুনরুদ্ধারের পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগস্টে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম বেড়েছে ৩৫ রিঙ্গিত বা দশমিক ৯১ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৮৭৪ রিঙ্গিতে (৯১৬ ডলার ৭১ সেন্ট)।