যুক্তরাষ্ট্রে বড়দিন সামনে রেখে খেলনার দাম বাড়ছে দ্রুতগতিতে। সেপ্টেম্বরে দেশটিতে খেলনার দাম বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। ৪৯ বছরের মধ্যে কোনো এক মাসে খেলনার দামে এটিই সর্বোচ্চ বৃদ্ধি। এক বছরে পণ্যটির দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। এতে আসন্ন ছুটির মৌসুমে সন্তানদের জন্য খেলনা কিনতে গিয়ে বাড়তি ব্যয়ের মুখে পড়তে পারে মার্কিন পরিবারগুলো। খবর বিজনেস ইনসাইডার।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) ১৪ অক্টোবর প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশটিতে গত ১২ মাসে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। সামগ্রিক মূল্যস্ফীতির তুলনায় খেলনার দাম প্রায় দ্বিগুণ হারে বেড়েছে।
খেলনার দাম বাড়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা। চীন থেকে আমদানি করা খেলনার ওপর শুল্ক আরোপ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে উৎপাদন ও পরিবহন ব্যয়। এতে চাপের মুখে পড়েছে খেলনা নির্মাতা ম্যাটেল ও হাসব্রোর মতো কোম্পানি। ফলে বাড়তি ব্যয় নিজেরা বহন করা কিংবা পণ্যের দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।
এদিকে মাস্টারকার্ডের অর্থনীতিবিদ মিশেল মেয়ার পূর্বাভাস দিয়েছেন, ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি ৫ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। তবে পণ্যের দাম বেড়ে যাওয়াও বিক্রির মোট মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
ফলে বিক্রির অর্থমূল্য বাড়লেও পণ্যের প্রকৃত বিক্রির পরিমাণ একই হারে বাড়বে, এমন নিশ্চয়তা নেই।