সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিপ্রতি ২০ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে পণ্যটির দাম বেড়েছে।

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে মসলাজাত পণ্যটির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আমদানিকারকরা বলছেন, ভারতের মোকামগুলোয় সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে পণ্যটির আমদানিতে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৪৮ হাজার ২১৩ টন, যার মূল্য ৫৮০ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫৬ হাজার ৫৩২ টন, যার মূল্য ছিল ৬৭১ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বন্দরটি দিয়ে আদা আমদানি কমেছে ৮ হাজার ৩১৯ টন।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ আগেও বাজারে প্রতি কেজি আদা ১০০-১১০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে গতকাল একই বাজারে খুচরা পর্যায়ে আদা বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা দরে। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে মেসার্স ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘ভোমরা বন্দরে আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। এতে দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।’

ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু হাসান জানান, ভারতের মোকামগুলোয় সম্প্রতি সরবরাহ কমে যাওয়ায় তার প্রতিষ্ঠানে আদা আমদানি কমেছে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, আমদানি কমে যাওয়ায় বাজারে আদার দাম কিছুটা বেড়েছে। তবে আদার দাম ঊর্ধ্বমুখী হলেও বাজারে পেঁয়াজ ও রসুনের দাম বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আরও