বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। ২৩ সেপ্টেম্বর মিরাকল ইন্ডাস্ট্রিজকে এ-সংক্রান্ত একটি চিঠি দিয়েছে বিসিআইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বিসিআইসির মোট প্রয়োজনীয় ডব্লিউপিপি ও পিই ব্যাগের ৫০ শতাংশ মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কেনার অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। নির্দিষ্ট সময়ে ব্যাগ সরবরাহে ব্যর্থ হলে বিসিআইসি বিকল্প উৎস থেকে ব্যাগ কিনতে পারবে।
সম্প্রতি মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। গত ২৫ আগস্ট ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সায়। দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে ৭ সেপ্টেম্বর কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই। এর জবাবে কোম্পানিটি সে সময় জানিয়েছিল, এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।
আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা।
আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকাসান হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল একই। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মিরাকল ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৯ পয়সায়।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৫। এর ৩০ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৮৯, বিদেশী বিনিয়োগকারী দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।