ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে বিসিআইয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

দেশের শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) নিয়ে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকাল ১০টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) বোর্ডরুমে কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের উপপরিচালক মির্জা গোলাম সারোয়ার, উপপরিচালক (ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন) সাইদুজ্জামান এবং অ্যাডভোকেট ও গবেষক তাসলিমা জাহান।

কর্মশালায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া বিসিআই পরিচালকমণ্ডলীর সদস্য মো. শহীদুল ইসলাম নিরু, নাজমুল আনোয়ার ও জেয়াদ রহমান কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে আইপি রাইটস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতের অর্থনীতি হবে মেধাভিত্তিক ও উদ্ভাবননির্ভর। সে লক্ষ্য অর্জনে এখনই আইপি রাইটস নিয়ে জনসচেতনতা বাড়ানো, আইনি কাঠামো শক্তিশালী করা ও যথাযথ প্রস্তুতি গ্রহণ জরুরি।

কর্মশালার দ্বিতীয় পর্বে তাসলিমা জাহান বাংলাদেশের আইপি কাঠামো, এলডিসি থেকে উত্তরণের পর শিল্প খাতের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং পেটেন্ট আইপি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, উত্তরণের আগেই আমাদের আইপি নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

এছাড়া সাইদুজ্জামান বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন রেজিস্ট্রেশন ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন এবং মির্জা গোলাম সারোয়ার পেটেন্টের ব্যবসায়িক গুরুত্ব ব্যাখ্যা করেন। আলোচনার পর অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় আলোচকরা তা উত্তর দেন।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের মতামত নেয়া হয়। পরে প্রশিক্ষণের জন্য সনদপত্র প্রদান করা হয়।

আরও