‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যে সম্প্রতি বুয়েটে দেশীয় প্রজাতির গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান। এআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের এমডি মো. রাফাত উল্লা খান বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু রোপণ নয়, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। বুয়েটে এ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক বার্তা দিতে চাই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়া; পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তাহসিন রেজা হোসেন; স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আহসান উল্লাহ মজুমদার এবং বিশ্বদ্যালয়ের প্রধান প্রকৌশলী একেএম জাহাঙ্গীর আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ব্যাংকের পক্ষে আরো ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম ও প্রকৌশলী মো. ইদ্রিস আলী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এআইবি প্রতি বছরের মতো এবারো ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় আটটি বিশ্ববিদ্যালয় এবং ব্যাংকের দুটি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ এবং এর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে।