ইভি বিক্রি বৃদ্ধির গতি ধীর হয়েছে জুলাইয়ে

২০২৪ সালের জুলাইয়ের তুলনায় গত মাসে বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি বেড়েছে ২১ শতাংশ।

২০২৪ সালের জুলাইয়ের তুলনায় গত মাসে বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি বেড়েছে ২১ শতাংশ। বাজার গবেষণা সংস্থা রো মোশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এটি জানুয়ারির পর খাতটিতে সবচেয়ে ধীর বৃদ্ধি। এতে বিশেষ ভূমিকা রেখেছে চীনে প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রিতে শ্লথতা। এর আগে জুনে বিশ্বব্যাপী ইভি বিক্রি বেড়েছিল ২৫ শতাংশ। খবর আরব নিউজ।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ি বাজার চীন, যা বৈশ্বিক ইভি বিক্রির অর্ধেকেরও বেশি দখল করে। জুলাইয়ে চীনের মোট গাড়ি বিক্রির বৃদ্ধি ধীর হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ইভি প্রস্তুতকারক বিওয়াইডি এ নিয়ে টানা তিন মাস ধরে নতুন গাড়ি নিবন্ধনে পতন দেখেছে।

চীনে বিক্রি ধীর হলেও অন্যান্য বাজারগুলো সে শূন্যস্থান অনেকটা পূরণ করছে। কার্বন নিঃসরণ কমানোর প্রণোদনার কারণে ইউরোপে ইভি বিক্রি বেড়েছে।

গত মাসে বিশ্বজুড়ে বিইভি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি ১৬ লাখ ইউনিটে পৌঁছেছে।

রো মোশনের তথ্য ব্যবস্থাপক চার্লস লেস্টার বলেন, ‘চীনে বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইভি বিক্রির মাসিক গড় বৃদ্ধি ছিল ৩৬ শতাংশ, যা জুলাইয়ে ১২ শতাংশে নেমে এসেছে। ২০২৫ সালের কিছু সরকারি প্রণোদনা স্থগিত হওয়ায় এ ধীরতা এসেছে।’

গত মাসে চীনে প্রায় ১০ লাখ ইভি বিক্রি হয়েছে। ইউরোপে বিক্রি ৪৮ শতাংশ বেড়ে প্রায় ৩ লাখ ৯০ হাজার ইউনিটে পৌঁছেছে। অন্যদিকে উত্তর আমেরিকায় ১০ শতাংশ বিক্রি বেড়ে হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি। বিশ্বের অন্যান্য বাজারে বিক্রি ৫৫ শতাংশ বেড়ে ১ লাখ ৪০ হাজার ইউনিট ছাড়িয়েছে।

চার্লস লেস্টার আরো বলেন, ‘অঞ্চল হিসেবে বিক্রি বৃদ্ধিতে পার্থক্য থাকলেও সামগ্রিকভাবে ২০২৫ সালে ইভি গ্রহণের প্রবণতা শক্তিশালীভাবে ঊর্ধ্বমুখী। চলতি মাস থেকে চীনের গাড়ি বিক্রি আগের তুলনায় বাড়তে পারে, কারণ আগস্টে নতুন প্রণোদনা তহবিল কার্যকর হবে। অন্যদিকে সেপ্টেম্বরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে নতুন ইভি কেনা বা লিজ নেয়ার জন্য কর সুবিধা কমানো হলে সেখানে চাহিদা কমতে পারে।’

আরও