তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২ টাকা। ডিএসইর দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল কোম্পানিটির শেয়ার।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪২ টাকা ৬৭ পয়সায়।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি ফার্স্ট ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৩৭ টাকা ৮৬ পয়সা।
২০০৩ সালে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৫৬৭ কোটি ৩৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩। এর মধ্যে ৪১ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২০ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৮ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।