বিলাস পণ্য ও সৌন্দর্য পণ্যের প্রচারে বড় আকারের আয়োজন নতুন নয়। তবে এবার লন্ডনের রাস্তায় এমনই এক বড় আয়োজন করেছে প্রাডা বিউটি। প্রতিষ্ঠানটি লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় হাতে আঁকা দেয়ালচিত্র হিসেবে দাবি করা একটি মুরাল উন্মোচন করেছে। এতে দেখা যাচ্ছে হলিউড তারকা ও প্রাডা বিউটির বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর জেন্ডেয়াকে। খবর দি ইন্ডাস্ট্রি ডটবিউটি।
নতুন দেয়ালচিত্রটি তৈরি করা হয়েছে ‘প্রাডা প্যারাডক্স সুইট কেমিস্ট্রি’ পারফিউম বাজারজাতকরণ উপলক্ষে। লন্ডনের শিল্প ও সংস্কৃতিসমৃদ্ধ এলাকা শোরডিচের ১১২ ট্যাবারনেকল স্ট্রিটে এটি তৈরি করা হয়েছে। শত বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত শিল্পকর্মটি ৪ অক্টোবর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রচারচিত্রটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ব্যারি জেনকিনস। নতুন মুরালে জেন্ডেয়ার ছবিকে কেন্দ্রীয়ভাবে রাখা হয়েছে। এর মাধ্যমে সুগন্ধি, চলচ্চিত্র ও ভিজুয়াল আর্টকে একই প্রচার কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে প্রাডা বিউটি।
প্যারাডক্স সুইট কেমিস্ট্রি হলো প্রাডার প্যারাডক্স সুগন্ধি সিরিজের নতুন সংযোজন। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এতে ফলের ঘ্রাণ, ফুলের নোট ও মিষ্টি ঘ্রাণের মধ্যে সম্পর্ককে তুলে ধরা হয়েছে। নতুন সুগন্ধিতে ব্ল্যাককারেন্ট ও নেরোলির নোট রয়েছে।
জেন্ডেয়া ২০২৫ সালে প্রাডা প্যারাডক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। তিনি জানান, ২০২৫ সালের মেট গালা অনুষ্ঠানে প্রথমবার মূল ‘প্যারাডক্স অব দ্য পারফিউম’ ব্যবহারের পর থেকেই এটি তার প্রিয় তালিকায় স্থান করে নেয়। নতুন সুইট কেমিস্ট্রি সংস্করণটিও এখন তার নিয়মিত ব্যবহারের তালিকায় যুক্ত হয়েছে।
প্রাডা বিউটির প্যারাডক্স সিরিজের যাত্রা শুরু হয় ২০২২ সালে। ওই বছর বাজারে আসে মূল প্যারাডক্স ইও ডি পারফাম। নারীসত্তার বহুমুখী পরিচয় উদযাপনের বার্তা নিয়ে শুরু হওয়া সিরিজটি বর্তমানে ব্র্যান্ডটির অন্যতম সফল ও বিক্রীত পণ্যের তালিকায় রয়েছে।
শোরডিচ এলাকাটি নিজস্ব স্ট্রিট আর্ট ও সৃজনশীল কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিজ্ঞাপনী বার্তা, চলচ্চিত্রের ভিজুয়াল ও দৃশ্য শিল্পকে একসূত্রে গেঁথে লন্ডনের হৃৎপিণ্ডে বিশাল প্রদর্শনীটি ব্র্যান্ড কৌশল হিসেবে ব্যাপক প্রশংসিত হচ্ছে।