বাণিজ্য ঘাটতি বেড়েছে ইউরোজোনের। গত আগস্টে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পণ্য বাণিজ্যে অঞ্চলটির ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬১১ কোটি ইউরোয়। গত বছরের একই মাসে এ ঘাটতি ছিল ১৭০ কোটি ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রাথমিক হিসাবের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে সাইপ্রাস মেইল।
ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, আগস্টে ইউরোজোনের পণ্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়ে ২২ হাজার ৭৭০ কোটি ইউরোয় পৌঁছেছে। অন্যদিকে আমদানি বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। এতে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮০ কোটি ইউরোয়। রফতানির তুলনায় আমদানি দ্রুত বাড়ায় বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে।
এর আগের মাস জুলাইয়ে ইউরোজোনের পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত ছিল ১ হাজার ৭০ কোটি ইউরো। এক মাসের ব্যবধানেই অঞ্চলটির বাণিজ্য পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে।
অঞ্চলটিতে জ্বালানি পণ্যেও ঘাটতি বেড়েছে। গত বছরের আগস্টে এ খাতে ইউরোজোনের বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ১৩০ কোটি ইউরো। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭০ কোটি ইউরোয়।
শুধু আগস্ট নয়, বছরের প্রথম আট মাসের হিসাবেও ইউরোজোনের বাণিজ্য পরিস্থিতির অবনতি দেখা গেছে। জানুয়ারি-আগস্ট পর্যন্ত অঞ্চলটির পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৪০ কোটি ইউরো।
গত বছরের একই সময় উদ্বৃত্ত ছিল ৯ হাজার ৯০ কোটি ইউরো। এ আট মাসে ইউরোজোনের রফতানি ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ লাখ ৯৯ হাজার কোটি ইউরোয় পৌঁছেছে। অন্যদিকে আমদানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। আমদানির মোট মূল্য দাঁড়িয়েছে ২ লাখ কোটি ইউরোয়।
ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক বাণিজ্যেও একই প্রবণতা দেখা গেছে। আগস্টে ইইউর বাইরের দেশগুলোর সঙ্গে পণ্য বাণিজ্যে জোটটির ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৫২০ কোটি ইউরো। গত বছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৭৫০ কোটি ইউরো।