মিরপুরে আকিজ মেডিপ্লেক্সে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা চালু

আধুনিক স্বাস্থ্যসেবায় দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

এ চাহিদার পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স চালু করেছে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা। এ প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই একজন রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক পরিমাপ করা সম্ভব। আকিজ রিসোর্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, আকিজ মেডিপ্লেক্সে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তি পরীক্ষার ফলাফল আরো নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা করলেও চূড়ান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই করা হয়।

আকিজ মেডিপ্লেক্সের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘প্রযুক্তি চিকিৎসকের বিকল্প নয়; বরং উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি আরো নির্ভুল তথ্য এবং বিশ্লেষণ দিয়ে সহায়তা করে। ফলে চিকিৎসকরা দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন।’ প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য বলেও জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আকিজ মেডিপ্লেক্সে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির সর্বাধুনিক প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম ও আল্ট্রাসাউন্ডসহ আধুনিক ডায়াগনস্টিক সুবিধা রয়েছে। পাশাপাশি প্রতিটি পরীক্ষার মান কঠোরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, ডিজিটাল হেলথ রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন রিপোর্টিং, ফার্মেসি এবং হোম স্যাম্পল সংগ্রহের সুবিধা।

উল্লেখ্য, আকিজ রিসোর্সের স্বাস্থ্যসেবা উদ্যোগের অংশ হিসেবে আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে আকিজ মেডিপ্লেক্স।

আরও