কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) ও কৃষি খাতে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোর জন্য প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব খাতে অশ্রেণীকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে দশমিক ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করলেই হবে। এ নির্দেশনা আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সাধারণ নিয়মে স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে ১ শতাংশ ও স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) ঋণের বিপরীতে ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়। তবে কৃষি ও সিএমএসএমই খাতে ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়াতে এ ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হয়েছে। উভয় খাতে স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে দশমিক ৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করলেই হবে।
আমানতকারীদের জমাকৃত অর্থ থেকে ঋণ বিতরণ করে ব্যাংক। আমানতের সুরক্ষার অংশ হিসেবে ব্যাংকগুলোকে বিতরণকৃত ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করতে হয়। এ সঞ্চিতি রাখতে হয় ব্যাংকের অর্জিত পরিচালন মুনাফা থেকে।