রমজানের মধ্যে শসার বাজারে চড়া দাম থাকলেও বর্তমানে শসাচাষীরা দাম নিয়ে বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে শসাচাষীদের পাশে দাঁড়িয়েছে রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশ হয়, ন্যায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার শসাচাষীরা। পাইকারি বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে মাত্র ২-৪ টাকায়। ন্যায্য দাম পাচ্ছেন না চাষীরা। এমন সময় সেই শসাচাষীদের সঙ্গে যোগাযোগ করে ন্যায্যমূল্যে শসা কেনে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ। সেই শসা এখন খোলাবাজারের চেয়ে কম দামে স্বপ্ন আউটলেটে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার খোলাবাজারে ৪০ টাকা কেজিতে শসা বিক্রি করতে দেখা গেলেও স্বপ্ন আউটলেটে তা ১২ টাকা কেজিতে গ্রাহকরা কিনতে পারছেন।
এরই মধ্যে দিনাজপুরের খানসামা থেকে দুই টন এবং ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে ছয় টন শসা কিনেছেন স্বপ্ন প্রতিনিধি। চাষীদের উৎপাদিত শসা পৌঁছে গেছে স্বপ্নের আউটলেটে। —বিজ্ঞপ্তি