বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণা শুরু ওয়ান ব্যাংকের

জাতীয় আন্তঃপরিচালনাযোগ্য কিউআর-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে ওয়ান ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ লিগ্যাল অফিসার ও হেড অব রিকভারি ডিভিশন মো. আনোয়ারুল ইসলাম; ডিএমডি ও হেড অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর কাজী জিয়াউল ইসলাম; ডিএমডি ও হেড অব ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন ইফতেখার আহমেদ জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ প্রচারণার উদ্দেশ্য জনসাধারণকে বাংলা কিউআরের বৈশিষ্ট্য, সুবিধা ও ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া। পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে ব্যাংকটির কর্মকর্তারা হাতে-কলমে শিখবেন, কীভাবে বাংলা কিউআর দৈনন্দিন ডিজিটাল লেনদেনকে আরো সহজ ও সুবিধাজনক করে তোলে।

বাংলা কিউআর হচ্ছে একটি একীভূত জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) গ্রাহকরা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার করেও একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন।

আরও