বছরের পর বছর ধরে মূল্যবৃদ্ধির কারণে গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় এখন পণ্যের দাম কমানোর পরিকল্পনা করছে পেপসিকো। লে’স, ডরিটোস ও চিটোসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের চিপস ও স্ন্যাকসের দাম কমিয়ে ক্রেতাদের আবার ফিরিয়ে আনতে চায় কোম্পানিটি। গত বছর উত্তর আমেরিকায় পেপসিকোর পানীয়ে বিক্রি ৪ ও স্ন্যাকসের ১ শতাংশ কমেছে। খবর রয়টার্স।
পেপসিকোর চেয়ারম্যান ও সিইও র্যামন লাগুয়াত্রা জানান, নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের জন্য পণ্যের বর্তমান দাম একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কোম্পানিটি পণ্যগুলোকে ক্রেতাদের জন্য আরো সাশ্রয়ী করার বিভিন্ন উপায় নিয়ে কাজ করছে। মূলত প্যাকিং, উপাদান ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এর আগে পণ্যের দাম বাড়িয়েছিল কোম্পানিটি।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলিয়ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ২০ শতাংশ পণ্য ছাঁটাইয়ের সিদ্ধান্তও নিয়েছে পেপসিকো। এছাড়া স্বাস্থ্যসচেতন তরুণ প্রজন্মের জন্য কৃত্রিম উপাদানমুক্ত নতুন কিছু পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে কোম্পানিটি।