নতুন বিপণন বর্ষে (জুলাই-জুন) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গম রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে। ইইউর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত জোটভুক্ত দেশগুলো ১১ লাখ টন গম রফতানি করেছে, যা আগের সপ্তাহের আট লাখ টনের তুলনায় কিছুটা বেশি হলেও গত বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ কম। খবর বিজনেস রেকর্ডার।
চলতি বিপণন বর্ষের ৩ আগস্ট পর্যন্ত ইইউর বার্লি রফতানি দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার টনে। আগের সপ্তাহের তুলনায় খাদ্যশস্যটির রফতানি বেড়েছে। তবে ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় তা ১৩ শতাংশ কম।
তবে কমিশন জানিয়েছে, ফ্রান্সের রফতানি তথ্য চলতি বছরের শুরু থেকে এবং বুলগেরিয়া ও আয়ারল্যান্ডের তথ্য ২০২৩-২৪ বিপণন বর্ষের শুরু থেকে অসম্পূর্ণ রয়েছে। ফ্রান্স ইইউর সবচেয়ে বড় শস্য উৎপাদনকারী দেশ হলেও ২০২৫-২৬ বিপণন বর্ষের এখন পর্যন্ত তাদের রফতানির পরিসংখ্যানে শূন্য দেখানো হয়েছে।
এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বন্দর তথ্য অনুযায়ী, ফ্রান্স থেকে ১ জুলাইয়ের পর এখন পর্যন্ত প্রায় তিন লাখ টন গম ও ছয় লাখ টন বার্লি ইইউর বাইরে রফতানি করা হয়েছে।