বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কয়লা উত্তোলন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির অর্থনৈতিক বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী আয়েরলাঙ্গা হারতার্তো এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশটির বাজারে জ্বালানি পণ্যের দাম স্থিতিশীল রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকের পর আয়েরলাঙ্গা জানান, প্রেসিডেন্ট কয়লা উত্তোলন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এতে খনি কোম্পানিগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট (আরকেএবি) সংশোধন করা হবে। মূলত এ বাজেট সংশোধনের মাধ্যমেই বাড়তি কয়লা উত্তোলনের পথ সহজ করা হচ্ছে।
জ্বালানির ওপর বিপুল ভর্তুকির চাপ সামলাতে সরকার কয়লা রফতানির ওপর নতুন করে কর বসানোর বিষয়টি পর্যালোচনা করছে। এ ছাড়া আমদানীকৃত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে দ্রুত সৌরশক্তিতে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
ইন্দোনেশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হবে না। অর্থমন্ত্রী পুরবায়া যুধি সাদেওয়া বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা থেকে জনগণকে সুরক্ষা দিতে বাড়তি খরচ রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমেই মেটানো হবে।