ইস্পাত আমদানিতে ১২ শতাংশ শুল্ক আরোপ করবে ভারত

অব্যাহত বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের মাঝে ইস্পাত আমদানির ওপর ১২ শতাংশ অস্থায়ী সুরক্ষা শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারতের ট্রেড রেমিডিজ বিভাগ।

অব্যাহত বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের মাঝে ইস্পাত আমদানির ওপর ১২ শতাংশ অস্থায়ী সুরক্ষা শুল্ক আরোপের সুপারিশ করেছে ভারতের ট্রেড রেমিডিজ বিভাগ। মূলত চীন ও ভিয়েতনাম থেকে আমদানি করা এ ধাতু পণ্যের ওপরই শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। প্রাথমিকভাবে ২০০ দিনের জন্য অস্থায়ীভাবে শুল্ক আরোপ করা হবে। পূর্ণাঙ্গ তদন্তের পর ইস্পাত আমদানিতে স্থায়ীভাবে সুরক্ষা শুল্ক আরোপের সিদ্ধান্ত হতে পারে। খবর দ্য হিন্দু।

দেশটির ট্রেড রেমিডিজ বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে বলা হয়েছে, দেশীয় শিল্পের ওপর নেতিবাচক প্রভাব এড়ানোর জন্যই সুরক্ষা শুল্ক আদায়ের সুপারিশ করা হয়েছে। ভারতের ইস্পাত শিল্পের জন্য স্বস্তিদায়ক হতে পারে এ উদ্যোগ। তবে অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে এ শুল্কে ছাড় থাকবে।

ইস্পাত আমদানিতে সুরক্ষা শুল্ক আরোপের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হঠাৎ ভারতে ইস্পাত আমদানির মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ প্রবণতা দেশীয় শিল্পের বিকাশের জন্য হুমকিস্বরূপ। তাই কর্তৃপক্ষ মনে করে, দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পণ্যটির ওপর অস্থায়ীভাবে ১২ শতাংশ সুরক্ষা শুল্প আরোপের সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

ভারতে ধাতুর মোট চালানের ৩ শতাংশের বেশি চীন ও ভিয়েতনাম থেকে আমদানি হয়। আর বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ থেকে তারা ইস্পাত আমদানি করে চালানের ৩ শতাংশের কিছু কম। তবে দেশ দুটি বাদে উন্নয়নশীল অপরাপর দেশগুলো থেকে ধাতু আমদানি কখনই মোট চালানের ৯ শতাংশ ছাড়ায়নি। ট্রেড রেমিডিজ বিভাগের অনুসন্ধানে বলা হয়েছে, হট রোল্ড (এইচআর) কয়েল, শিট ও প্লেট, এইচআর প্লেট মিল প্লেট (পিএমপি), কোল্ড রোল্ড (সিআর) কয়েল ও শিট, ধাতব প্রলেপিত ইস্পাত কয়েল ও শিট, গ্যালভানিয়ালসহ এ-জাতীয় বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে। তবে চীন ও ভিয়েতনাম ব্যতীত উন্নয়নশীল দেশগুলো থেকে আমদানি করা ইস্পাত পণ্য সুরক্ষা শুল্কের আওতামুক্ত থাকবে।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক শুল্ক পদক্ষেপ বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। এর মধ্যে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ উল্লেখযোগ্য।

ইউরোপীয় ইউনিয়ন ২০১৮ সালে ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ সুরক্ষা শুল্ক আরোপ করে। কানাডা ও মরক্কো এবং ব্রেক্সিটের পর যুক্তরাজ্যও ইস্পাত আমদানিতে ২৫ শতাংশ সুরক্ষা শুল্ক আরোপ করেছিল। মেক্সিকোয় বর্তমানে ইস্পাত আমদানিতে ৫০ শতাংশ সুরক্ষা শুল্ক কার্যকর রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ভিয়েতনাম, মালয়েশিয়া ও তিউনিসিয়া এবং উপসাগরীয় এলাকার কয়েকটি দেশও নিজস্ব শিল্পের বিকাশে ইস্পাত আমদানিতে নিরুৎসাহিত করে, এমনকি বাধাও সৃষ্টি করে।

আরও