উৎপাদন বন্ধের বিষয়ে স্টক এক্সচেঞ্জকে জানায়নি তমিজউদ্দিন টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির কারখানা শ্রমিক অসন্তোষের কারণে গত সপ্তাহে পাঁচদিন বন্ধ ছিল।

তবে এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকে জানায়নি কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে কারখানাটি বন্ধের একটি পোস্টের বিষয়ে তমিজউদ্দিন টেক্সটাইলের কাছে ব্যাখ্যা চায় ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শ্রমিক অসন্তোষের কারণে ১৩ জুলাই থেকে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সব পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৮ জুলাই ২০২৬ থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

নিয়ম অনুসারে, তালিকাভুক্ত কোনো কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হয়। কিন্তু কোম্পানিটি তা করেনি। উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকার কারণে কোম্পানির আর্থিক কার্যক্রমে কী পরিমাণ প্রভাব পড়েছে, তা এখনো মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল।

২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৫৭ পয়সায়।

আরও