বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক দেশ চীন ও ভারত বর্তমানে ইন্দোনেশিয়া থেকে কয়লা কম কিনছে। পরিবর্তে তারা অন্য দেশ থেকে বেশি শক্তি উৎপাদনকারী (ক্যালোরিফিক ভ্যালু বা সিভি) কয়লা আমদানির দিকে ঝুঁকছে। কারণ বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় উচ্চ মানের কয়লা এখন তুলনামূলকভাবে বেশি কার্যকর। খবর রয়টার্স।
শিল্পসংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, চীন ও ভারতের মোট কয়লা আমদানির তুলনায় ইন্দোনেশিয়া থেকে আমদানি দ্রুত কমেছে। উচ্চ মানের কয়লা দামি হলেও প্রতি টনে বেশি শক্তি পাওয়া যায়, যা বিদ্যুৎ উৎপাদনে বেশি কার্যকর।
ভারতের কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান আই-এনার্জি ন্যাচারাল রিসোর্সেসের পরিচালক বাসুদেব পামনানি বলেন, ‘১০ লাখ টন উচ্চ মানের কয়লা ১২-১৫ লাখ টন নিম্ন মানের ইন্দোনেশীয় কয়লার বিকল্প হতে পারে।’
চীনে রাশিয়ার ছাড়ে বিক্রি হওয়া কয়লা ইন্দোনেশীয় কয়লার সঙ্গে প্রতিযোগিতা করছে। ভারতে দক্ষিণ আফ্রিকার কয়লার ব্যবহার বাড়ছে, আর চীনে মঙ্গোলিয়ার কয়লার চাহিদা দ্রুত বাড়ছে।