পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রধান উৎপাদন অঞ্চলগুলোয় বৃষ্টি হতে পারে। সয়াবিন গাছের শুঁটি ধরা বা ফলনের এ গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টি খুবই জরুরি। এমন পূর্বাভাসের পর সিবিওটিতে সয়াবিনের নভেম্বরের সরবরাহ চুক্তির দাম বুশেলপ্রতি ২৭ দশমিক ২৫ সেন্ট কমে ১১ ডলার ৯২ সেন্টে নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে তা শস্যের সার্বিক উন্নতির জন্য বেশ সহায়ক হবে।
এ সপ্তাহের শুরুতে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) গরমের কারণে সয়াবিনের গুণগত মানের রেটিং কিছুটা কমিয়ে দিয়েছিল। তবে বৃষ্টির খবরে সে মন্দা ভাব কেটে গেছে। বিশ্ববাজারে চাহিদার কারণে দামের এ দরপতন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান বাঞ্জ গ্লোবাল সয়াবিনের জোরালো চাহিদা দেখে চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে।
সয়াবিনের পাশাপাশি শিকাগোর বাজারে ভুট্টার দাম বুশেলপ্রতি ৮ দশমিক ৭৫ সেন্ট কমে ৪ ডলার ৭১ সেন্টে দাঁড়িয়েছে। গমের দামও কিছুটা কমে বুশেলপ্রতি ৬ ডলার ৬০ সেন্টে নেমেছে। গমের বৈশ্বিক সরবরাহ ভালো থাকলেও কৃষ্ণ সাগর অঞ্চলের সামরিক অস্থিরতার কারণে সেখান থেকে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিশ্ববাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় সেভাবে দাম বাড়তে পারেনি।