মতবিনিময় সভায় বিডা

পাঁচ মাসে এসেছে প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলেপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলেপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি। রাজধানীর বিডা মিলনায়তনে গতকাল বিনিয়োগবিষয়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

বিনিয়োগ প্রস্তাবের প্রবাহকে ইতিবাচক প্রবণতা হিসেবে উল্লেখ বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান বলেন, ‘জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রাপ্ত প্রস্তাবগুলোর প্রায় ২০ শতাংশ এরই মধ্যে অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। যার মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র।’

বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নিয়ে আগ্রহ বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল বিনিয়োগের পরিমাণ নয়, বরং এর মান ও স্থায়িত্বও নিশ্চিত করা। এ ধারা অব্যাহত থাকলে ও প্রক্রিয়া আরো সহজতর হলে আগামী পাঁচ মাসে তা আরো কার্যকর ফলাফল বয়ে আনতে পারে।’

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ৬০ শতাংশ বর্তমানে অনুসন্ধানী বা যথাযথ যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনা ও প্রাথমিক প্রকল্প পরিকল্পনা।

নাহিয়ান রহমান রোচি জানান, আরো প্রায় ২০ শতাংশ প্রস্তাব এখন গভীর পর্যালোচনায় রয়েছে, যা আনুষ্ঠানিক নথিপত্রের পূর্ববর্তী ধাপ। এ ধাপভিত্তিক বিনিয়োগ পাইপলাইন আগামী ১২-২৪ মাসে পুঁজিপ্রবাহের একটি বাস্তবসম্মত চিত্র প্রদান করবে।

সভায় আরো বক্তব্য দেন বেজার পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম।

আরও