দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মার্কোসুরে সহযোগী সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে পানামা। এ অন্তর্ভুক্তিকে জোটটির জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। কারণ এর মাধ্যমে প্রথমবার মধ্য আমেরিকার কোনো দেশ হিসেবে এই ব্লকে অন্তর্ভুক্ত হলো। খবর আনাদোলু।
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে শনিবার অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে আর্জেন্টিনা, ব্রাজিল ও প্যারাগুয়ের নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয়। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বাণিজ্য ব্লকটিতে যুক্ত হওয়ার তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এটি অর্থনৈতিক সুযোগ তৈরির পাশাপাশি আঞ্চলিক সংহতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’
১৯৯১ সালে প্রতিষ্ঠিত মার্কোসুর সাউদার্ন কমন মার্কেট বা দক্ষিণের বাজার নামেও পরিচিত। এটি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে থাকে। মার্কোসুরের মূল উদ্দেশ্য হলো, দেশগুলোর মধ্যে শুল্ক কমানো এবং সমন্বিত নীতি গ্রহণের মাধ্যমে বাণিজ্যকে সহজ করা।
ব্লকটির পূর্ণ সদস্যরা হলো—আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া। এর আগে ভেনিজুয়েলা যুক্ত থাকলেও রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার কারণে ২০১৬ সাল থেকে জোটে নেই।
নিয়ম অনুসারে, সহযোগী সদস্য হিসেবে ভোটাধিকার বা মার্কোসুরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ পাবে না পানামা। তবুও এ অন্তর্ভুক্তি দক্ষিণ আমেরিকার বাজারে দেশটির প্রবেশাধিকার এবং শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। এটি পানামার জন্য একটি কৌশলগত পদক্ষেপ, যা তার বিদ্যমান অংশীদারত্বের বাইরে বাণিজ্য সম্পর্ক প্রসারিত করবে বলেও মত বিশ্লেষকদের।
অন্যদিকে পানামার যোগদান মার্কোসুরের বিস্তৃতি এবং প্রতিবেশী অঞ্চলের সঙ্গে সংযোগ শক্তিশালী করার আগ্রহের প্রতিফলন। এ সহযোগী সদস্যপদ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার মধ্যে গভীরতর অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি স্থাপন করেছে। তবে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য আরো আলোচনার প্রয়োজন।