খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠান দুটি।
প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষক ও কৃষি উদ্যোক্তারা স্বল্পসুদে ঋণ নেয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে কৃষি খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি ব্যাংকটির অর্থায়ন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজীম এ চৌধুরী, হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন উপস্থিত ছিলেন। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ছিলেন কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা ও যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন।