চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা

আগামী চার মাসের মধ্যে কমতে পারে তামার দাম

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা।

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বাড়ছে চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা। ‍বিশেষজ্ঞরা বলছেন, চীন বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ। তাদের বাণিজ্যে বাধা তৈরি হলে চাহিদা কমতে পারে। এমন পরিস্থিতিতে চার মাসের মধ্যে বিশ্বব্যাপী তামার দাম নেমে যেতে পারে টনপ্রতি ৮ হাজার ৫০০ ডলারে। সিআরইউ ওয়ার্ল্ড কপার কনফারেন্স এশিয়ায় এমন পূর্বাভাস দিয়েছেন মার্কুরিয়া এনার্জি ট্রেডিংয়ের বিশ্লেষক নিকোলাস স্নোডন। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।

নিকোলাস স্নোডন বলেন, ‘নতুন মার্কিন প্রশাসনের সম্ভাব্য বাণিজ্য নীতিতে কমতে পারে তামার চাহিদা, যার প্রভাব পড়বে দামে। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ দিনেরও কম সময়ে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম ৮ শতাংশ কমেছে।’

তিনি জানান, নিকটতম সময়ে তামার বৈশ্বিক দাম মজুদ বৃদ্ধির কারণেও কমতে পারে। জানুয়ারির শেষের দিকে শুরু হওয়া চীনা নববর্ষের ছুটি ও চাহিদা বৃদ্ধির কারণে আগামী বছরের প্রথম প্রান্তিকে প্রায় পাঁচ লাখ টন উদ্বৃত্তের পূর্বাভাস দেয়া হয়েছে।

কনফারেন্সে অন্যান্য বিশ্লেষক জানান, আগামী বছর তামার দাম টনপ্রতি ৯ হাজার থেকে সাড়ে ৯ হাজার ডলারের মধ্যে থাকতে পারে।

এদিকে গত বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো কমেছে বিশ্বব্যাপী তামার দাম। এ সময় এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম টনপ্রতি ৮ হাজার ৮৬৭ ডলারে নেমে এসেছে, যা ১২ আগস্টের পর সর্বনিম্ন।

এলএমইতে বৃহস্পতিবার দস্তার দাম কমেছে ৩ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৮৮৮ ডলার ৫০ সেন্টে। খাতসংশ্লিষ্টরা জানান, চীনে ইস্পাতের বাজার দুর্বল থাকায় গ্যালভানাইজিং চাহিদা কমেছে।

অন্যদিকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম কমেছে আগের দিনের তুলনায় ১ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ২ হাজার ৫০৮ ডলারে। নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে টনে ১৫ হাজার ৬৫৫ ডলার হয়েছে। এদিন সিসার দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ। টনপ্রতি মূল্য নেমেছে ১ হাজার ৯৭১ ডলারে। টিনের দামও ১ দশমিক ৯ শতাংশ কমে টনে ২৯ হাজার ৭৫ ডলার হয়েছে।

আরও