অ্যালুমিনিয়ামে মার্কিন শুল্ক

প্লাস্টিকের ব্যবহার বাড়াতে পারে কোকা-কোলা

সব ধরনের অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব ধরনের অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত কার্যকর হলে প্যাকেজিংয়ে অ্যালুমিনিয়ামের পরিবর্তে আরো বেশি প্লাস্টিক বোতল ব্যবহার করবে বলে জানিয়েছে কোমল পানীয় জায়ান্ট কোকা-কোলা। খবর সিএনবিসি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস কুইনসি বলেন, ‘যদি কোনো নির্দিষ্ট প্যাকেজিংয়ে খরচ বেড়ে যায়, তাহলে আমাদের কাছে অন্য বিকল্প রয়েছে। এর মাধ্যমে পণ্যের দাম সাশ্রয়ী রাখা ও ভোক্তা চাহিদা পূরণ সম্ভব হবে। যদি অ্যালুমিনিয়াম ক্যানের দাম বেড়ে যায়, তাহলে আমরা প্লাস্টিক বোতলের ব্যবহারকে বেশি গুরুত্ব দিতে পারি।’

আমদানীকৃত অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছেন ট্রাম্প, যা আগামী মাস থেকে কার্যকর হবে। অনেকেই এ পদক্ষেপকে চীনের বিরুদ্ধে নেয়া উদ্যোগ হিসেবে দেখছেন, যদিও দেশটি থেকে যুক্তরাষ্ট্র সরাসরি খুব বেশি স্টিল আমদানি করে না।

কুইনসির ভাষ্যে, শুল্কের কারণে কোকা-কোলার আর্থিক ক্ষতি খুব বেশি হবে না। তারা কিছু অ্যালুমিনিয়াম কানাডা থেকে কিনে থাকেন। তবে অ্যালুমিনিয়ামে শুল্ক বৃদ্ধি পুরো ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে, তা বড় করে দেখার ঝুঁকি রয়েছে। বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন এ ব্যবসায় বড় পরিবর্তন আসবে না। কারণ পণ্যের মোট খরচে প্যাকেজিংয়ের অংশ সামান্য।

তিনি আরো বলেন, ‘অধিক প্লাস্টিক প্যাকেজিং ব্যবহারের পাশাপাশি কোকা-কোলা দেশীয় অ্যালুমিনিয়ামের উৎস অনুসন্ধান ও পণ্যের দাম বাড়িয়ে শুল্কের প্রভাব কমাতে পারে।’

অ্যালুমিনিয়াম সাধারণত প্লাস্টিকের চেয়ে বেশি দামি। তবে ধাতুটির পুনর্ব্যবহারের হার অনেক বেশি। সাম্প্রতিক বছরগুলোয় প্রতিষ্ঠানটি বেশি অ্যালুমিনিয়াম প্যাকেজিং ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থার তথ্যমতে, পলিথিলিন টেরেফথালেট বা পিইটি হচ্ছে হালকা প্লাস্টিক, যা সহজেই পুনর্ব্যবহার করা যায়। তবে এটি অ্যালুমিনিয়ামের তুলনায় কম পুনর্ব্যবহার হতে পারে। ২০১৮ সালে পিইটি বোতল ও জারের ২৯ দশমিক ১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়েছিল, যেখানে অ্যালুমিনিয়াম বিয়ার ও সফট ড্রিংক ক্যানের পুনর্ব্যবহার হার ছিল ৫০ দশমিক ৪ শতাংশ। যদিও কোকা-কোলা বেশি অ্যালুমিনিয়াম ব্যবহারের চেষ্টা করে। তবু একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কারণে গ্রিনপিস টানা ছয় বছর ধরে কোম্পানিটিকে বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী হিসেবে চিহ্নিত করেছে।

আরও