১০% লভ্যাংশ ঘোষণা

আইপিডিসি ফাইন্যান্সের পরিচালন মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ

আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ১৭৬ কোটি ৫০ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে, যা আগের হিসাব বছরের তুলনায় ৩৫ দশমিক ৮ শতাংশ বেশি।

আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ১৭৬ কোটি ৫০ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে, যা আগের হিসাব বছরের তুলনায় ৩৫ দশমিক ৮ শতাংশ বেশি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইপিডিসির মোট সম্পদ পোর্টফোলিও দাঁড়ায় ৭ হাজার ৯০৪ কোটি ৮০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি। সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণ নিয়ে গঠিত বিনিয়োগ পোর্টফোলিওতে একই সময়ে উল্লেখযোগ্য ১১০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। এর ফলে বিনিয়োগ আয় ৪৫ কোটি ২০ লাখ টাকা বেড়েছে।

ঋণ পোর্টফোলিওতে সামান্য মন্দা দেখা গেলেও সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইপিডিসির মোট সুদ আয় ৮৮১ কোটি ১০ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের হিসাব বছরের তুলনায় ১৮ দশমিক ৫ শতাংশ বেশি। বেশকিছু প্রতিকূলতার মাঝেও সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্সের মোট পরিচালন আয় ১১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩২৪ কোটি ২০ লাখ টাকায় পৌঁছেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৩০ লাখ টাকা, যা আগের হিসাব বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

কৌশলগত পদক্ষেপের ফলে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫২০ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৬১ কোটি ২০ লাখ টাকা। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কোম্পানিটি খেলাপি ঋণের হার ৫ দশমিক ৮৩ শতাংশের মধ্যে ধরে রাখতে সক্ষম হয়েছে। ফলে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে মোট প্রভিশন ১৮ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩৫৭ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির গ্রাহক আমানতের পরিমাণ ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৬ কোটি ১০ লাখ টাকা। বর্তমানে আইপিডিসি এনবিএফআইদের মধ্যে মোট আমানতের ১১ শতাংশের বেশি বাজার হিস্যা ধরে রেখেছে।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইপিডিসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

মূলধন বৃদ্ধি, পোর্টফোলিও সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন এবং কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নগদ প্রবাহ নিশ্চিত করতে স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির অর্জিত মুনাফা থেকে এ লভ্যাংশ দেয়া হবে।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২ জুন সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।

আরও