পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মুনাফা কমেছে ৪১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৬ পয়সা। গতকাল কোম্পানিটির এক মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৮ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্স পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।
২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদে মোট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৯৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩১ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৯০৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ৪০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫০ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে ।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ২০ টাকা ৭০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৬০ থেকে ৪৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।