ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭ টাকা ৪০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১১ টাকা ৪০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এদিকে শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত বুধবার উত্তরা ফাইন্যান্সকে চিঠি দেয় ডিএসই। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর বাড়ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ১৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৯ দশমিক ৩৮ শতাংশ।
উত্তরা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) পর থেকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) উত্তরা ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৭৩ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা, আগের হিসাব বছরের শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬৪ টাকা ১৩ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে উত্তরা ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৪৫ পয়সা।