ভিয়েতনামের কৃষকরা বিক্রি কমিয়ে দেয়ায় দেশটিতে অভ্যন্তরীণভাবে কফির সরবরাহ সীমিত হয়ে পড়েছে। সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।
ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। অঞ্চলটির কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিক্রি করেছেন ১ লাখ ১ হাজার ২০০ থেকে ১ লাখ ২ হাজার ৩০০ ডং (৩ ডলার ৮৮ সেন্ট থেকে ৩ ডলার ৯৩ সেন্ট) দরে। এটি এর আগের সপ্তাহের কেজিপ্রতি ৯৯ হাজার ৫০০ থেকে ১ লাখ ২০০ ডংয়ের তুলনায় বেশি।
এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, ফলন ভালো হলেও বর্তমানে সরবরাহ কম। বাজার পরিস্থিতি বিবেচনায় কফি বিক্রি কমিয়েছেন কৃষকরা।
ভিয়েতনামের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৫ দিনে দেশটি ৮৯ হাজার টন কফি রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি।
আরেক ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক বাজারে কফি সরবরাহ চুক্তির সংখ্যা ও আকার উভয়ই সীমিত হয়ে পড়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার ওয়েস্ট লাম্পুং অঞ্চলের কৃষকরা জানিয়েছেন, বর্তমানে কফি বিনের আকার তুলনামূলক বড় হচ্ছে এবং তারা কিছু বিন সংগ্রহ শুরু করেছেন। সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কফি বাজারে সরবরাহ এখনো কম থাকায় সংযোজিত মূল্য নির্ধারণে অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে।