পাঁচদিন পর পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই পয়েন্ট হারিয়েছে সূচক।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই পয়েন্ট হারিয়েছে সূচক। গত সপ্তাহের নিম্নমুখিতা কাটিয়ে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনও সামান্য বেড়েছে। গতকাল পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ক্রয়প্রবণতা দেখা গেছে। অবশ্য সতর্ক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতাও ছিল লক্ষণীয়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে দেড় ঘণ্টা সূচকে কিছুটা অস্থিরতা দেখা গেছে। তবে এরপর শেয়ার কেনার চাপ বাড়তে থাকায় ইতিবাচক হতে থাকে সূচক। দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোহিনূর কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, পূবালী ব্যাংক, এডিএন টেলিকম ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।

ডিএসইতে গতকাল ৩৬৮ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৬৪ কোটি টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত ছিল ৬৪টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১০ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১০ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। প্রকৌশল খাত ৮ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল। পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৩ শতাংশ।

গতকাল ডিএসইতে খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিশ্র অবস্থা দেখা গেছে। এদিন ১১টি খাতে ইতিবাচক রিটার্নের বিপরীতে নয় খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সাধারণ বীমা খাতে ৩ দশমিক ২ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ২ দশমিক ৪ ও জীবন বীমা খাতে ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ শতাংশ, পাট খাতে দশমিক ৯ ও মিউচুয়াল ফান্ডে দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ৩ কোটি ২৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি ৭২ লাখ টাকা।

আরও