দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টানা আট কার্যদিবসে ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল কিছুটা কমেছে। সাম্প্রতিক বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৪ জুলাইয়ের পর থেকে ২৪ জুলাই পর্যন্ত সূচক ৩৩০ পয়েন্ট বেড়েছে। আর সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ৩৭ পয়েন্ট হারিয়েছে সূচক।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর প্রথম দিকে ঊর্ধ্বমুখী ছিল সূচক। তবে আধা ঘণ্টার মধ্যেই সূচক নামতে শুরু করে। বেলা ১১টার দিকে সূচক আবারো ঊর্ধ্বমুখী হয়। তবে এর আধা ঘণ্টা পর সূচক ক্রমেই নিম্নমুখী হয়। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩১ দশমিক ৬ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্র্যাক ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মা ও প্রাইম ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৮৬৫ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৭টির, কমেছে ২৩২টির আর অপরিবর্তিত ছিল ৫০টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১১ দশমিক ৭ শতাংশ দখলে নিয়েছে সাধারণ বীমা খাত। ১০ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৪ শতাংশ।
গতকাল ডিএসইতে তিন খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে।
এছাড়া সিমেন্ট খাতে ৩ দশমিক ৭ শতাংশ, সিরামিক খাতে ২ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে সাধারণ বীমা খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া জীবন বীমা খাত ২ দশমিক ৪ শতাংশ ও বহুজাতিক কোম্পানি খাতে দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩২ পয়েন্ট কমে ৯ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৪৯ দশমিক ৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর। গতকাল সিএসইতে ১১ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৬ কোটি ২০ লাখ টাকা।