সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এতে আগের পূর্বাভাস ৪ দশমিক ৪ থেকে সংশোধন করে ৪ দশমিক ৯ শতাংশে উন্নীত করা হয়েছে। অর্থনৈতিক সম্প্রসারণের এ গতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে দেশটির জ্বালানি তেলবহির্ভূত কার্যক্রম। খবর দ্য ন্যাশনাল।
প্রান্তিকভিত্তিক অর্থনৈতিক পর্যালোচনায় সম্প্রতি ইউএই সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, প্রবৃদ্ধির এ গতি ২০২৬ সালেও অব্যাহত থাকবে। আগামী বছর দেশটির অর্থনীতি ৫ দশমিক ৩ শতাংশ হারে বাড়বে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আরব আমিরাতের অর্থনীতি ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ওই সময় জ্বালানি তেলবহির্ভূত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৩ শতাংশ। এতে শীর্ষ অবদান রাখা খাত হলো উৎপাদন, আর্থিক সেবা, নির্মাণ ও রিয়েল এস্টেট।
ইউএইর কেন্দ্রীয় ব্যাংক বলেছে, জ্বালানি তেলবহির্ভূত খাতে প্রত্যাশিত শক্তিশালী গতিশীল এবং ওপেক প্লাসের নতুন উত্তোলন পরিকল্পনার ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করা হয়েছে।